
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী রামিসা আক্তারসহ ধর্ষণ ও হত্যার শিকার অন্যান্য শিশুদের স্মরণ করে জাতীয় সংসদে শোক প্রকাশ করা হয়েছে।
রোববার (৭ জুন) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন হিসেবে শুরু হয়েছে, তার সূচনালগ্নে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে এই শোক প্রকাশ করা হয়।
এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় অধিবেশনটি বিশেষ গুরুত্ব বহন করছে।
অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন। মনোনীত সদস্যরা হলেন— সেলিমা রহমান, ওসমান ফারুক, জয়নুল আবেদীন, মো. শাহজাহান এবং শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তী সদস্য অধিবেশনে সভাপতিত্ব করবেন।
এদিকে একই দিনে আলোচিত রামিসা হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। আদালত প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন-কে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
গত ১৯ মে সংঘটিত এই নৃশংস ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। দ্রুত তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে মাত্র পাঁচ কার্যদিবসে মামলার বিচার সম্পন্ন হওয়াকে সংশ্লিষ্টরা নজিরবিহীন হিসেবে উল্লেখ করছেন। রায় ঘোষণার পর ভুক্তভোগী শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :