যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জেসমিন আক্তার বিথী (২৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার হ্যাপি হোমস এলাকার বন্ধু বেকারির গলির ২২/৫/১ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত বছর আগে আল আমিনের সঙ্গে জেসমিন আক্তার বিথীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে বলে দাবি পরিবারের। সম্প্রতি পাঁচ লাখ টাকা দাবিকে কেন্দ্র করে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়।

নিহতের স্বজনদের ভাষ্য, ঘটনার দিন রাত আনুমানিক ৯টার দিকে জেসমিন ফোন করে পরিবারের সদস্যদের জানান যে, যৌতুকের টাকা নিয়ে তাকে আবারও নির্যাতন করা হচ্ছে। এর কিছু সময় পরই তার মৃত্যুর খবর পান তারা। পরে স্বজনরা বাসায় গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় জেসমিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহের দুই হাত ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, নিহতের পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।