
যশোর শার্শা উপজেলার নাভারণ মাছ বাজারে আধুনিকায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ১১টায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (মৎস্য অধিদপ্তর), রমনা, ঢাকা এই উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।
বাজারে আধুনিকায়ন সংক্রান্ত কার্যক্রমের মধ্যে রয়েছে একটি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন, মাছ বিক্রির জন্য নতুন শেড নির্মাণ, মাছ পরিস্কারের জন্য ওয়াশব্লক এবং নতুন পাবলিক টয়লেট নির্মাণ। এ সকল কাজ বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, শার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুজ্জামান, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, লক্ষণপুর ইউনিয়ন যুগ্ম সম্পাদক মীর ফারুক হোসেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবীব, নাভারণ মাছ বাজার কমিটির সভাপতি সোহরাব হোসেন মিন্টু ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ উপস্থিত জনসাধারণকে বলেন, বাজারে উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নজরে রাখার দায়িত্ব জনগণেরও রয়েছে, কারণ প্রশাসন সব সময় উপস্থিত থাকতে পারবে না।
নাভারণ মাছ বাজার কমিটির সভাপতি আবুল হাসান জহির নির্বাহী কর্মকর্তার কাছে বাজারের ঝুঁকিপূর্ণ গাছ কর্তন, ময়লার স্তুপ পরিস্কার এবং ওই স্থানে একটি মার্কেট ও মসজিদ নির্মাণের দাবি জানান।
উল্লেখ্য, এই আধুনিকায়ন কার্যক্রমের মাধ্যমে নাভারণ মাছ বাজারের পরিকাঠামো উন্নত হবে এবং ব্যবসা ও ক্রেতাদের সুবিধা বৃদ্ধি পাবে।
আপনার মতামত লিখুন :