
বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক দিন বাকি থাকতেই বড় ধাক্কা খেল আর্জেন্টিনা শিবির। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লেওনার্দো বালের্দি। একই সঙ্গে আরও অন্তত তিন ফুটবলারের বিশ্বকাপ ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
শনিবার (৬ জুন) বালের্দির চোটের কারণে তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে এএফএ। তবে এখনো তার বিকল্প খেলোয়াড় চূড়ান্ত করেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ফলে টুর্নামেন্টের আগে দল গঠনে জটিলতা আরও বেড়েছে।
চোট সমস্যায় পড়া নিয়ে স্কালোনি জানান, দলের একাধিক খেলোয়াড় এখনো শতভাগ ফিট নন। শুধু একজন ডিফেন্ডারের পরিবর্তন নয়, পুরো স্কোয়াডের শারীরিক অবস্থাই নতুন করে মূল্যায়ন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা আরও একটি ম্যাচ খেলব, এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কিছু খেলোয়াড়ের পরিস্থিতি আমাদের সামগ্রিক পরিকল্পনা পুনর্বিবেচনা করতে বাধ্য করছে।”
টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, বর্তমানে সবচেয়ে বেশি শঙ্কায় আছেন গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা ও লিয়ান্দ্রো পারেদেস। মন্তিয়েল ও মলিনা পেশির সমস্যায় ভুগছেন, একই পজিশনের খেলোয়াড় হওয়ায় তাদের অবস্থান নিয়ে দলে প্রতিযোগিতাও জটিল হয়ে উঠেছে। অন্যদিকে পারেদেস সাম্প্রতিক ম্যাচে পেশি ছিঁড়ে যাওয়ার চোটে পড়েন এবং এখনো পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি।
এদিকে হুলিয়ান আলভারেজের গোড়ালির সমস্যাও রয়েছে, তবে তার বিশ্বকাপ খেলা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা নেই বলে জানা গেছে। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের আঙুলের চোট সেরে গেছে এবং তিনি শিগগিরই ম্যাচে ফিরতে প্রস্তুত। দলের আরেক সদস্য নিকোলাস পাজ হাঁটুর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন এবং শিগগিরই দলের সঙ্গে যোগ দিতে পারেন।
সবমিলিয়ে বিশ্বকাপের আগে চোটের কারণে আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ বাড়ছে। গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস সমস্যা কোচ স্কালোনির পরিকল্পনায় বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। আর্জেন্টিনা আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।
আপনার মতামত লিখুন :