বিশ্বকাপের আগে ভয়ংকর রূপে জার্মানি, জিতল টানা নবম ম্যাচ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
বিশ্বকাপের আগে ভয়ংকর রূপে জার্মানি, জিতল টানা নবম ম্যাচ

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিত হাইভোল্টেজ প্রীতি ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়ে জয় তুলে নেয় জুলিয়ান নাগেলসমানের শিষ্যরা। এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা নবম ম্যাচে অপরাজিত থাকার পাশাপাশি নবম জয়ও নিশ্চিত করল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

জার্মানির হয়ে গোল দুটি করেন কাই হাভার্টজ ও লেরয় সানে। যুক্তরাষ্ট্রের হয়ে একমাত্র গোলটি করেন লেফট-ব্যাক অ্যান্টনি রবিনসন। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা জার্মানি শেষ নয় ম্যাচে প্রতিপক্ষের জালে ২৯ গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র ছয়টি। বিশ্বকাপ শুরুর আগে এমন পারফরম্যান্স প্রতিদ্বন্দ্বীদের জন্য স্পষ্ট বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় জার্মানি। খেলা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় জশুয়া কিমিখের নেওয়া নিখুঁত ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ। দ্রুত গোল হজম করে কিছুটা চাপে পড়ে যায় যুক্তরাষ্ট্র। পরে হাভার্টজ আবারও বল জালে পাঠালেও আক্রমণ তৈরির সময় বল মাঠের বাইরে চলে যাওয়ায় গোলটি বাতিল করেন রেফারি।

প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে সমতা ফেরায় যুক্তরাষ্ট্র। কর্নার থেকে ক্লিয়ার হওয়া বল বক্সের বাইরে পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক ভলি শটে জার্মান গোলরক্ষক অলিভার বাউমানকে পরাস্ত করেন অ্যান্টনি রবিনসন। তার অসাধারণ গোলে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা।

তবে বিরতির পর আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় জার্মানি। ৫৭তম মিনিটে চমৎকার এক দলীয় আক্রমণ থেকে জয়সূচক গোলটি আসে। বক্সের ভেতরে কাই হাভার্টজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন লেরয় সানে। শেষ পর্যন্ত এই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

গোল শোধে মরিয়া হয়ে ওঠা যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও জো স্ক্যালি ও ব্রেন্ডেন অ্যারনসনের শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন গোলরক্ষক বাউমান।

বিশ্বকাপের অন্যতম সহআয়োজক যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচগুলোতে এখনো ধারাবাহিকতা খুঁজে পাচ্ছে না। অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা জার্মানি বিশ্বকাপের প্রথম ম্যাচে গ্রুপ ‘ই’-তে কুরাসাওয়ের মুখোমুখি হবে। আর স্বাগতিক যুক্তরাষ্ট্রের লক্ষ্য থাকবে ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ম্যাচ জয়ের সাফল্য অর্জন করা।