
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে স্থায়ীভাবে বোর্ড সভাপতির দায়িত্ব পেলেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। একইসঙ্গে নতুন সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।
রোববার (৭ জুন) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে ক্লাব, জেলা ও বিভাগীয় ক্যাটাগরি মিলিয়ে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হন। পরে পরিচালকদের ভোটে সভাপতি ও সহসভাপতি নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারিত হয়।
ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পান সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান ৭০, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক ৬৮, ফাহিম সিনহা ও শানিয়ান তানিম ৬৬, সাকিফ আহমেদ সালাম ৬৫, আসিফ রব্বানি ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩, রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন।
ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬ ভোটারের মধ্যে ৭৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এ ক্যাটাগরিতে পরাজিত চার প্রার্থী হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং মেজর ইমরোজ আহমেদ।
অন্যদিকে, ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত ১০ পরিচালক হলেন—সাইদ বিন জামান সৌরভ, এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, মিনহাজুল আবেদীন নান্নু, মঈন উদ্দিন চৌধুরী কামরু, শান্তনু ইসলাম সুমিত, শফিকুল আলম, মিজানুর রহমান, মীর শাকরুল আলম সীমান্ত এবং মির্জা ফয়সল আমীন।
ক্যাটাগরি-৩ থেকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে একটি অ্যাডহক কমিটি গঠন করেছিল। সর্বশেষ নির্বাচনে জয়ী হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিসিবির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
বাংলাদেশ ক্রিকেটের নতুন এই নেতৃত্ব আগামী দিনে দেশের ক্রিকেটের উন্নয়ন, কাঠামোগত সংস্কার এবং আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আপনার মতামত লিখুন :