দীর্ঘ বিরতির পর বাংলাদেশে আসছে ভারতীয় দল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
দীর্ঘ বিরতির পর বাংলাদেশে আসছে ভারতীয় দল

গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও ভারতের ক্রীড়া সম্পর্কের টানাপোড়েনের মধ্যে প্রথমবারের মতো কোনো ভারতীয় দল বাংলাদেশ সফরে আসছে। আগামী ১০ জুন ঢাকায় শুরু হতে যাওয়া আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) বয়সভিত্তিক ট্রফি-২০২৬ টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশে আসছে ভারতের অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৮ হ্যান্ডবল দল।

রাজধানীর পল্টনে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে পাঁচদিনব্যাপী এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই হবে বাংলাদেশ সফরকারী প্রথম ভারতীয় ক্রীড়া দল।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে বাংলাদেশিদের ভিসা প্রদান সীমিত করা, ক্রীড়া বিনিময় কার্যক্রমে অনাগ্রহ এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক টুর্নামেন্টে বাংলাদেশে দল পাঠাতে ভারতের অনীহার বিষয়টি আলোচনায় আসে। এমনকি ২০২৫ সালে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার নির্ধারিত সিরিজও স্থগিত করার আবেদন জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তবে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর পরিস্থিতির পরিবর্তন দেখা যায়। নতুন সূচি অনুযায়ী, আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। বিসিবির সূচি অনুযায়ী, ২৮ আগস্ট ঢাকায় পৌঁছাবে ভারতীয় দল। এরপর ১, ৩ ও ৬ সেপ্টেম্বর তিনটি ওয়ানডে এবং ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত হিসেবে ঢাকার হ্যান্ডবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত। টুর্নামেন্টে ভারত ছাড়াও নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান এবং স্বাগতিক বাংলাদেশ অংশ নেবে।

অনূর্ধ্ব-২০ বিভাগে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, নেপাল ও ইয়েমেন। ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ, মালদ্বীপ ও আফগানিস্তান। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে এবং ১৪ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল। অন্যদিকে অনূর্ধ্ব-১৮ বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দল হবে চ্যাম্পিয়ন।

তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক প্রতিযোগিতার সুযোগ করে দিতে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন (আইএইচএফ) এশিয়াকে কয়েকটি ভৌগোলিক অঞ্চলে ভাগ করেছে। দক্ষিণ ও মধ্য এশিয়া নিয়ে গঠিত এশিয়ান জোন-২-এর অধীনে আয়োজিত এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পরবর্তীতে এশিয়া মহাদেশের মূল পর্ব ‘কন্টিনেন্টাল ফেজে’ অংশগ্রহণের সুযোগ পাবে।