
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) শুরু হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটিই হতে যাচ্ছে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। ফলে রাজনৈতিক অঙ্গন, অর্থনৈতিক মহল এবং সাধারণ মানুষের দৃষ্টি এখন সংসদ ভবনের দিকে।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এ অধিবেশন আজ বিকেল ৩টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনে শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন। নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় দেশের অর্থনৈতিক দিকনির্দেশনা, রাজস্ব নীতি, উন্নয়ন পরিকল্পনা এবং জনকল্যাণমূলক কর্মসূচির বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এবারের বাজেট অধিবেশনে আগামী অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের কৌশল, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হবে। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের অনুদান দাবির ওপর বিস্তারিত আলোচনা এবং বাজেট প্রস্তাবের ওপর সংসদ সদস্যদের মতামতও উপস্থাপিত হবে।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে মোট ২৫ কার্যদিবসে ৯৪টি বিল পাস করা হয়, যা সংসদীয় কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেট উপস্থাপনের পর বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ, অর্থনৈতিক পরিকল্পনা এবং জাতীয় উন্নয়ন কৌশল নিয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। পরে সংসদ সদস্যদের সুপারিশ ও আলোচনার ভিত্তিতে বাজেট পাসের কার্যক্রম সম্পন্ন হবে।
নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে এ বাজেট কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, সেদিকে বিশেষ নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
আপনার মতামত লিখুন :