ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৭, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ
ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন হওয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিশেষ গুরুত্ব বহন করছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।

সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশন নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের মূল অধিবেশন কক্ষে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এবারের বাজেট অধিবেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও অনুমোদন। সংসদ সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের আয়-ব্যয়ের পরিকল্পনা, উন্নয়ন কর্মসূচি, রাজস্ব আহরণ, সামাজিক নিরাপত্তা এবং সামগ্রিক অর্থনৈতিক লক্ষ্যকে সামনে রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে।

বাজেট উপস্থাপনের পর সংসদ সদস্যরা প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। তাদের মতামত ও সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন শেষে বাজেট পাসের কার্যক্রম সম্পন্ন হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় দেশের অর্থনৈতিক দিকনির্দেশনা, উন্নয়ন অগ্রাধিকার এবং জনকল্যাণমূলক কর্মসূচির বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা থাকবে এবারের বাজেটে। ফলে সংসদ অধিবেশনকে ঘিরে রাজনৈতিক মহল, ব্যবসায়ী সম্প্রদায় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।

উল্লেখ্য, প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেট উপস্থাপন, আলোচনা ও অনুমোদনের জন্য সংসদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়ে ৩০ এপ্রিল সমাপ্ত হয়।