
বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আবুল কালামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশন পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, গ্রীষ্ম ও সেচ মৌসুমে দেশে দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছায়। বর্তমানে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে বড় কোনো ঘাটতি না থাকলেও গরমের সময় সর্বোচ্চ চাহিদার মুহূর্তে প্রাথমিক জ্বালানির ঘাটতি, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং ঝড়-বৃষ্টির কারণে কিছুটা বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
তিনি আরও জানান, বিদ্যুতের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদা পূরণে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, সঞ্চালন ও বিতরণ অবকাঠামো শক্তিশালীকরণ এবং জ্বালানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী উল্লেখ করেন, নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জ্বালানি সাশ্রয়ে জনগণকে সচেতন করতে লিফলেট, এসএমএস ও ভিডিও প্রচারণা চালানো হচ্ছে। হলিডে স্ট্যাগারিং এবং ডিমান্ড সাইড ও সাপ্লাই সাইড ম্যানেজমেন্টসহ বিভিন্ন উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সরকারি ও বেসরকারি পর্যায়ে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার নির্দেশনা কার্যকর করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এসির তাপমাত্রা তুলনামূলক বেশি রাখলে বিদ্যুৎ খরচ কমে আসে, যা পিক আওয়ারে চাপ কমাতে সহায়ক হতে পারে।
আপনার মতামত লিখুন :