সাতক্ষীরার কলারোয়ায় প্রতারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন


সাতক্ষীরা জেলা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
সাতক্ষীরার কলারোয়ায় প্রতারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার গ্রাহকরা আল আমিন ফ্যাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে মানববন্ধন আয়োজন করে দুই কোটি টাকার অধিক পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে। শনিবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী শতাধিক গ্রাহক অংশ নেন এবং বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আবু বকর সিদ্দিক, জাহানারা খাতুন, আব্দুস সাত্তার, সাবিনা খাতুন প্রমুখ। তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি গ্রাহকদের উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে কলারোয়া উপজেলার ১৩৬ জন গ্রাহকের কাছ থেকে প্রায় দুই কোটি ২৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এরপর এক টাকাও ফেরত না দিয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও কর্মকর্তারা লাপাত্তা হয়েছেন।

ভুক্তভোগী জাহানারা খাতুন বলেন, “মেয়ের বিয়ের জন্য তীল তীল করে ৪ লক্ষ টাকা জমিয়েছিলাম। প্রতারক ওমর ফারুক সবুজসহ তার সহযোগীদের প্রলোভনে পড়ে ওই অর্থ জমা দিয়েছিলাম। কিন্তু প্রতিষ্ঠান দীর্ঘদিনেও টাকা ফেরত দেয়নি।”

হোটেলের কর্মচারী বিধবা সাবিনা খাতুন বলেন, “হোটেল শ্রমিকের কাজ করে জমানো ৬৩ হাজার টাকা নিয়ে প্রতারক প্রতিষ্ঠান চম্পট দিয়েছে। অসুস্থ্য হওয়ার পরও ঔষধ কেনার টাকা নেই। আমার টাকা চাই এবং দোষীদের শাস্তি দাবি করি।”

এ বিষয়ে অভিযুক্ত ওমর ফারুক সবুজের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “টাকা হেড অফিসে জমা হয়নি। প্রতিষ্ঠানটি এখন বন্ধ। জমি ক্রয় করতে গিয়ে বন্ধ করতে হয়েছে। দায়িত্ব স্থানীয় কর্মচারী আবু সাঈদ সবুজের।”

মানববন্ধনকারীরা অভিযোগের তদন্ত ও টাকা ফেরতের দাবি করেন এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে গ্রেপ্তার করার আহ্বান জানান।