৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি: তথ্য উপদেষ্টা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানির মাধ্যমে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হলেও সরকারের বিশেষ সিদ্ধান্তের কারণে দেশের প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (৬ জুন) সচিবালয়ে দেশের সামগ্রিক বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য বিদ্যুতের আগের মূল্য বহাল রাখা হয়েছে। ফলে দেশের নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির বিপুল সংখ্যক গ্রাহক সরাসরি এ সুবিধা পাবেন। তিনি জানান, সরকারের এই সিদ্ধান্তের ফলে বিদ্যুতের মূল্য সমন্বয়ের চাপ সাধারণ মানুষের ওপর কম পড়বে এবং স্বল্প আয়ের পরিবারগুলো আর্থিকভাবে স্বস্তি পাবে।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিগত সরকারের আমলে সংঘটিত দুর্নীতি, মানি লন্ডারিংসহ বিভিন্ন অনিয়মের প্রভাব বর্তমান সরকারকে মোকাবিলা করতে হচ্ছে। তিনি দাবি করেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও নীতিগত দুর্বলতার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির চক্র থেকে দেশকে বের করে আনতে এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। একইসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে টেকসই ও কার্যকর করতে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

জহির উদ্দিন স্বপনের মতে, আগের সরকারগুলো উৎপাদনমুখী নীতির পরিবর্তে আমদানি-নির্ভর নীতিকে বেশি গুরুত্ব দিয়েছিল। সে সময় যদি স্থানীয় উৎপাদন বৃদ্ধির দিকে বেশি মনোযোগ দেওয়া হতো, তাহলে আজকের বিদ্যুৎ ও জ্বালানি সংকট অনেকটাই এড়ানো সম্ভব হতো।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সরকারের এসব উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।