
সুনামগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর বিশেষ অভিযান পরিচালনা করেছে। শনিবার (৬ জুন) সুনামগঞ্জ সদর উপজেলার ইকবালনগর এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শব্দদূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান চলাকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ লঙ্ঘন করে যানবাহনে নিষিদ্ধ ও অতিরিক্ত শব্দমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ৬টি যানবাহনের বিরুদ্ধে ৬টি পৃথক মামলা দায়ের করা হয়। এতে মোট ৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার বিচারিক দায়িত্ব পালন করেন এবং সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক প্রসিকিউশন প্রদান করেন। আইনশৃঙ্খলা রক্ষায় সুনামগঞ্জ সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, শব্দদূষণ একটি নীরব ঘাতক, যা মানুষের শ্রবণশক্তি হ্রাসসহ নানা শারীরিক ও মানসিক জটিলতা সৃষ্টি করে। জনস্বার্থে শব্দদূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি চালক ও মালিকদের নিষিদ্ধ হর্ন ব্যবহার না করার আহ্বান জানান এবং পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
আপনার মতামত লিখুন :