
সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব গণসংবর্ধনার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার দুপুর ১২টায় জেলা পরিষদ চত্বরে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।
দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনাকে কেন্দ্র করে বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলার শীর্ষ নেতারা।
জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রাহমতউল্লাহ পলাশের সভাপতিত্বে এবং সদস্যসচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
এছাড়া বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, মনিরুজ্জামান মনির, তাজকিন আহমেদ চিশতি, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বিএনপি নেতা আব্দুর রউফ, কামরুল ইসলাম ফারুক, মাস্টার আবদুল ওয়াহেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রয়াত ও শহীদ নেতা-কর্মীদের স্মরণ করেন। তারা রাজনৈতিক আন্দোলনে আহত ও নির্যাতিত নেতাকর্মীদের প্রতিও সমবেদনা জানান।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত প্রশাসককে জেলা পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন।
দায়িত্ব গ্রহণের পর হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাতক্ষীরাকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তিনি বলেন, প্রশাসনের কেউ অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে সঙ্গে নিয়ে সাতক্ষীরাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, জেলা পরিষদের দরজা সব সময় সাধারণ মানুষের জন্য খোলা থাকবে এবং উন্নয়নে সরকার ও জেলা পরিষদ যৌথভাবে কাজ করবে।
আপনার মতামত লিখুন :