
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৬ নম্বর সোরা গ্রামে লবণ পানি উত্তোলন বন্ধ, কৃষিজমি রক্ষা এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় সোরা দক্ষিণপাড়া মসজিদের পাশে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দ ও সক্রিয় নাগরিকরা বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন মো. আজিজুর রহমান, মহিউদ্দিন খাজা, মিজানুর রহমান, হাবিবুর রহমান, আবু জাফর, মোজাম্মেল হোসেন, সাংবাদিক আজমীর হোসেন, মর্জিনা খাতুন এবং নুর নাহার।
মানববন্ধনকারীরা ‘লবণ পানি নয়, নিরাপদ পরিবেশ চাই’, ‘মাটি বাঁচাও, মানুষ বাঁচাও’, ‘কৃষিজমি রক্ষায় সবাই এগিয়ে আসুন’, ‘লবণ পানি মুক্ত গ্রাম চাই’ এবং ‘সুন্দরবনের প্রাণ বাঁচাও’সহ বিভিন্ন শ্লোগান দেন।
বক্তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে অবাধ লবণ পানি উত্তোলন ও বিস্তারের কারণে এলাকার কৃষিজমির উর্বরতা ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময়ের উর্বর ফসলি জমি এখন ক্রমেই অনাবাদি হয়ে পড়ছে। ধান, শাক-সবজি ও অন্যান্য ফসলের উৎপাদন কমে যাওয়ায় কৃষকরা আর্থিক সমস্যায় পড়েছেন এবং অনেক পরিবার জীবিকা সংকটে রয়েছে।
এছাড়াও তারা বলেন, লবণাক্ততার কারণে পুকুর, খাল ও জলাশয়ের পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং সুপেয় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। অনেক মানুষকে দূর-দূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে। গবাদিপশু পালন ও দৈনন্দিন জীবনযাপনেও নানা সমস্যা দেখা দিয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, দুর্বল ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের কারণে জোয়ার-ভাটার সময় লবণ পানি প্রবেশ করে কৃষিজমি, বসতভিটা ও গ্রামীণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি করছে। অনেক সময় জোয়ারের পানিতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়, এমনকি মৃত্যু ঘটলে লাশ নিয়ে স্বজনদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এই পরিস্থিতিকে তারা মানবিক বিপর্যয়ের সঙ্গে তুলনা করেন।
আপনার মতামত লিখুন :