শ্যামনগরে বজ্রপাতে যুবকের মৃ’ত্যু’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
শ্যামনগরে বজ্রপাতে যুবকের মৃ’ত্যু’

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামে বজ্রপাতে আব্দুল হাকিম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের বাসিন্দা ও লুৎফর গাজীর পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে আকাশে ঘন কালো মেঘ জমে এবং আবহাওয়া খারাপ হতে শুরু করে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে আব্দুল হাকিম একটি মৎস্যঘেরের ভেরিতে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হয়, ফলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন, তবে বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা সেখানে ভিড় করেন। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারি ও এলাকাবাসীর ভিড়ের কারণে পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে খোলা মাঠ, মৎস্যঘের ও নদী-খালের আশপাশে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায়। তাই বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, আব্দুল হাকিমের অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।