আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে ৫ কর্মী আটক


বেনাপোল প্রতিনিধি, আলমগীর হোসেন প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে ৫ কর্মী আটক

যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর পৌর গেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। একই সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কাগজপুকুর পৌর গেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কয়েকজন নেতাকর্মী আকস্মিকভাবে মিছিল বের করেন। এ সময় ছাত্রদল নেতা রেজা রহমান ভুট্টো তাদের ধাওয়া দিলে মিছিলকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়।

পরবর্তীতে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বেনাপোল থানা পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করে। অভিযানে শাওন হোসেন, নুর মোহাম্মদ, আব্দুল মালেক, শাকিল শেখ ও তরিকুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বেনাপোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, ভিডিও ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্য অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

এদিকে, প্রকাশ্যে মিছিলের ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।