
এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শার্শায় র্যালি ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৬ জুন সকাল ১১টায় উপজেলা সরকারি হাসপাতাল প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে স্থানীয় বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক হ্যান্ডবিল বিতরণ করা হয়।
কর্মকর্তারা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার পৌরসভার একটি পরিচ্ছন্নতা টিম হাসপাতাল ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজ করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, শার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুজ্জামান, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাংবাদিক আহম্মদ আলী শাহীন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাংবাদিক মীর ফারুক হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান, আতিয়ার রহমান দলু এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক পারভেজ।
বক্তারা বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা বর্ষাকালে জমে থাকা পানিতে এডিস মশার প্রজননের মাধ্যমে ছড়ায়। সামান্য সচেতনতা ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে এ রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।
আপনার মতামত লিখুন :