
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও নগদ অর্থসহ ডাকাত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
গত শুক্রবার গভীর রাতে দ্বীপচর গজারিয়ার অদূরবর্তী মেঘনা নদীতে অভিযান চালিয়ে আজিম বেপারীকে আটক করা হয়। পরে চর আবদুল্যাহ এলাকায় তার মাছের আড়তে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, তিনটি তাজা কার্তুজ ও বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, আটক আজিম বেপারী চরঘাসিয়া ও মৌলভীরচর এলাকার আলোচিত ডাকাত সর্দার খোকন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। পরে তার নৌযান থেকে বশির ও তার ছেলে রাব্বিকে আটক করা হয়।
তবে স্থানীয়দের দাবি, আজিম বেপারী একজন মাছ ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তাদের দাবি, অভিযানের সময় মাছের আড়তে ভাঙচুর করা হয়েছে এবং আটক দুইজন সাধারণ জেলে পরিবারের সদস্য।
কোস্ট গার্ড রামগতি জোন আটক ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা শেষে রামগতি থানায় হস্তান্তর করে। রামগতি থানার অফিসার ইনচার্জ লিঠন দেওয়ান জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে সন্দেহভাজন হিসেবে বিবেচিত হবেন।
আপনার মতামত লিখুন :