মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার


মিরপুর উপজেলা প্রতিনিধি,আশিক প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের যৌথ অভিযানে ছাত্রলীগের এক নেতা ও এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মিরপুর উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক (২৫) এবং ছাত্রলীগ কর্মী হাবিব (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানটি মিরপুর থানার অধীনে অবস্থিত আমলা ও কাকিলাদহ পুলিশ ক্যাম্পের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। অভিযানটি কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ও সাংগঠনিক তৎপরতার অভিযোগের প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ১৮(১) ধারার আওতায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধ দমন করতে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”