
“সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, নিজ আঙিনা পরিষ্কার রাখি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আমিরুল আরাফাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা বন কর্মকর্তা মো. জাহিদুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা বা যেকোনো পাত্রে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও আহ্বান জানান, নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত ভেড়ামারা গড়ে তুলতে হবে।
আপনার মতামত লিখুন :