
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের দর্শকদের মধ্যে সম্প্রচার নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত তার অবসান হয়েছে। এখন দেশের ফুটবলপ্রেমীরা ঘরে বসেই টেলিভিশনে সরাসরি বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কিনে দেশের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি চ্যানেল টি স্পোর্টস ও সময় টেলিভিশন বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।
এর আগে বাংলাদেশের জন্য একক সম্প্রচারস্বত্ব কিনেছিল সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান। তবে স্থানীয় বাজারে ভ্যাট ও করসহ প্রায় ২০০ কোটি টাকায় স্বত্ব বিক্রিতে ব্যর্থ হয়ে প্রতিষ্ঠানটি চুক্তি থেকে সরে দাঁড়ায়। এতে বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
পরবর্তীতে কূটনৈতিক ও বাণিজ্যিক পর্যায়ের উদ্যোগে সম্প্রচারস্বত্বের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে আসে। শেষ পর্যন্ত স্বত্বমূল্য ত্রিশ থেকে চল্লিশ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাইত্রিশ থেকে ঊনপঞ্চাশ কোটি টাকার সমান।
এদিকে শুধু টেলিভিশনই নয়, ডিজিটাল মাধ্যমেও বিশ্বকাপ দেখার সুযোগ থাকছে। মোবাইল ও স্মার্ট ডিভাইস ব্যবহারকারীরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে মাই রবি, টফি এবং বাইস্কোপ।
বিশ্বকাপ সম্প্রচার নিশ্চিত হওয়ায় দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস ফিরে এসেছে। দীর্ঘ অনিশ্চয়তা শেষে এখন তারা অপেক্ষায় আছেন মাঠের উত্তেজনাপূর্ণ লড়াই উপভোগ করার।
আপনার মতামত লিখুন :