
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ কার্যক্রমের মূল প্রতিপাদ্য ছিল—“নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি।”
শনিবার (৬ জুন) বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতাল চত্বর ও আশেপাশের এলাকা পরিষ্কার করা হয়। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় তুলে ধরে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, সেবাকর্মী এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ডেঙ্গু বর্তমানে একটি গুরুতর জনস্বাস্থ্য সমস্যা। এ রোগ প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। তারা বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা বা যেকোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণই ডেঙ্গু প্রতিরোধে কার্যকর। প্রত্যেকে যদি নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখে, তবে রোগের বিস্তার রোধ সম্ভব।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গুমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার করেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন :