
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৩২ হাজার ৮৩২ জন হাজি দেশে ফিরেছেন। একই সময়ে সৌদি আরবে অবস্থানকালে ৪৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে দেশে ফেরা হাজিদের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।
বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা মোট হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২৯ হাজার ৫০৪ জন। হজযাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন বিমান সংস্থা নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করছে।
ফ্লাইট পরিচালনাকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এখন পর্যন্ত ১১ হাজার ৫৭৯ জন হাজিকে দেশে পরিবহন করেছে। সৌদি এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ১২ হাজার ৫৫৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিবহন করেছে ৭ হাজার ৭০০ জন হাজিকে। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন আরও ৯৯৪ জন বাংলাদেশি হজযাত্রী।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জনের বেশি হজযাত্রীর জন্য কোটা নির্ধারণ করা হয়। গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রী বহনের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় এবং ২১ মে শেষ হজ ফ্লাইট পরিচালিত হয়।
এদিকে সৌদি আরবে অবস্থানরত হাজিদের চিকিৎসা ও বিভিন্ন সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ হজ মিশন। সর্বশেষ তথ্য অনুযায়ী, হজ মিশনের চিকিৎসাকেন্দ্র থেকে এ পর্যন্ত ৫৭ হাজার ২০২টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৬ হাজার ৩৫ জন হজযাত্রীকে ডিজিটাল সেবা দেওয়া হয়েছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়, শারীরিক অসুস্থতার কারণে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৬০ জন বাংলাদেশি হাজি। বর্তমানে ২৩ জন হজযাত্রী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ হজ মিশন, বিমান সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম সম্পন্ন হবে।
আপনার মতামত লিখুন :