দেওয়ানগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড


দেওয়ানগঞ্জ প্রতিনিধি, লাবলু মিয়া প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট রাখার ও সেবনের দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আটক এক এইচএসসি পরীক্ষার্থীকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরসহ পৃথক স্থানে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— তমবু ওরফে মাসুম (২৫), দেওয়ানগঞ্জ পৌরসভার ডালবাড়ী এলাকার মজিবুর রহমানের ছেলে এবং রবিন (৩০), বাজারীপাড়া এলাকার মৃত তমছের আলীর ছেলে। অভিযানে তাদের কাছ থেকে মোট ২টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া আটক এক এইচএসসি পরীক্ষার্থীর শিক্ষাজীবনের বিষয়টি বিবেচনায় নিয়ে মুচলেকা গ্রহণের মাধ্যমে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।