ডেঙ্গুমুক্ত মুকসুদপুর গঠনে জনসচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের র‌্যালি


মুকসুদপুর প্রতিনিধি, মিরান গাজী   প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
ডেঙ্গুমুক্ত মুকসুদপুর গঠনে জনসচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুলাই ২০২৬) সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‌্যালিতে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসিফ কবির। এ সময় উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. দ্বীপ সাহা, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

র‌্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র এবং পানি জমতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে পারলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

বক্তারা আরও বলেন, পরিচ্ছন্নতা কেবল ব্যক্তিগত অভ্যাস নয়, এটি জনস্বাস্থ্যের সুরক্ষার অন্যতম শর্ত। তাই ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।