
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সুনামগঞ্জের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ এবং পরিবেশ দূষণের দায়ে একটি হাউসবোটের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
গত শুক্রবার (৫ জুন ২০২৬) পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয় এবং তাহিরপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৫ লঙ্ঘন করে একটি হাউসবোট টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় প্রবেশ করে পরিবেশের ক্ষতি সাধন করছিল। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট হাউসবোটকে ৩ হাজার টাকা জরিমানা করে এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও প্রয়োজনীয় সহায়তায় তাহিরপুর থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি টাঙ্গুয়ার হাওরে অবস্থানরত বিভিন্ন হাউসবোটের চালক, সুকানি ও পর্যটকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় পর্যটকদের হাওরে প্লাস্টিক বর্জ্য না ফেলা এবং উচ্চস্বরে মাইক বা স্পিকার ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, রামসার সাইট ও ইসিএভুক্ত টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জলজ উদ্ভিদ এবং জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, হাওরের প্রাকৃতিক ভারসাম্য ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় সচেতন মহল নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :