আটক বাস; পালিয়েছে চালক

কালকিনিতে বাসের চাপায় প্রা’ণ’ গেল ৩ বছরের শিশুর


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
কালকিনিতে বাসের চাপায় প্রা’ণ’ গেল ৩ বছরের শিশুর

মাদারীপুরের কালকিনি পৌরসভার ভূরঘাটা মজিদ বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় আলিছা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে বিএমএফ পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আলিছা ডাসার উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা। তার বাবা মোহাম্মদ আবুল হোসেন বিদেশে কর্মরত রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটি তার দাদা সাবেক ইউপি সদস্য মো. মতলেব ঘরামীর সঙ্গে একটি মিষ্টির দোকান থেকে বের হয়ে সড়কে ওঠার সময় দ্রুতগতির একটি বিএমএফ পরিবহনের বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটি আটক করতে সক্ষম হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। পরে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।