এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ, হতে পারে রক্তক্ষরণ: স্বাস্থ্যমন্ত্রী 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ, হতে পারে রক্তক্ষরণ: স্বাস্থ্যমন্ত্রী 

দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে রক্তক্ষরণজনিত জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তাই পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই সর্বোচ্চ সতর্কতা ও জনসচেতনতা প্রয়োজন।

শনিবার (৬ জুন) সকালে রবীন্দ্র সরোবর-এ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী চলতি মৌসুমে ডেঙ্গুর একটি জটিল ধরন, ‘হেমোরেজিক ডেঙ্গু’, বেশি দেখা দিতে পারে। এ ধরনের ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের শরীরে দ্রুত রক্তক্ষরণ শুরু হওয়ার ঝুঁকি থাকে, যা অনেক ক্ষেত্রে জীবনহানির কারণও হতে পারে। এজন্য জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, বিভিন্ন বাসাবাড়ি, প্রতিষ্ঠান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে যেখানে এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেখানে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুস সালাম। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ সিটি করপোরেশনের এক জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর ৬৩টি ওয়ার্ডের সবকটিই ডেঙ্গু ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আব্দুস সালাম আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণ ও সিটি করপোরেশনকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। তার মতে, ডেঙ্গু মোকাবিলায় জনগণের দায়িত্ব ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের দায়িত্বও ৫০ শতাংশ। উভয় পক্ষ সমন্বিতভাবে কাজ করলেই কেবল এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ এবং ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব।

বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে থাকায় সরকার, স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করেছে। তবে বিশেষজ্ঞদের মতে, ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।