আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান


আত্রাই উপজেলা প্রতিনিধি, ​আব্দুল মজিদ মল্লিক  প্রকাশের সময় : জুন ৬, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০.৩০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এই সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। কর্মসূচির শুরুতে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কমপ্লেক্সে এসে শেষ হয়।

র‌্যালির পর অংশগ্রহণকারীরা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজেও অংশ নেন। ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, “ডেঙ্গু নির্মূলের জন্য একক প্রচেষ্টা যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। বাড়ির ছাদ, ফুলের টব, ফেলে রাখা টায়ার বা ডাবের খোসায় পানি জমতে না দেওয়াই মূল প্রতিরোধ।”

সভাপতি ডা. মো. খায়রুল আলম জানান, “ডেঙ্গু এখন আর অবহেলার বিষয় নয়। মশার বংশবিস্তার রোধ করতে আমাদের ঘরবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখা জরুরি। সপ্তাহে অন্তত একদিন জমে থাকা পানি সরানো হলে ডেঙ্গু মুক্ত আত্রাই গড়ে তোলা সম্ভব। আতঙ্কিত না হয়ে সচেতনতাই আমাদের মূল শক্তি।”

উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার সাংবাদিক ও আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মুজাহিদ খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।