দিঘলিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


দিঘলিয়া প্রতিনিধি, খোকন মল্লিক। প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
দিঘলিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সামাজিক সম্প্রীতি, শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করার লক্ষ্যে খুলনার দিঘলিয়া থানা পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এ সভায় স্থানীয় সমস্যা, অপরাধ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং পুলিশ-জনতার সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টায় দিঘলিয়া থানা চত্বরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই আদর্শ।

সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, গ্রাম পুলিশ সদস্য, মসজিদের ইমাম ও মোয়াজ্জেম, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কিশোর অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “পুলিশ জনগণের বন্ধু। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব হলেও সমাজকে অপরাধমুক্ত রাখতে জনগণের সহযোগিতা অপরিহার্য। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, কোনো অপরাধ বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে হবে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।

সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, দিঘলিয়া থানা পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে সর্বদা সচেষ্ট। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং তাদের মতামত গ্রহণের উদ্দেশ্যেই এ ধরনের সুধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মতবিনিময় পর্বে অংশগ্রহণকারীরা মাদক নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

সভা শেষে উপস্থিত সবাই এলাকার শান্তি, শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং দিঘলিয়া থানা পুলিশের এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক বলে অভিহিত করেন।