সাতকানিয়ায় পাহাড়-ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন


আব্দুল্লাহ্ আল মারুফ,চট্টগ্রাম। প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
সাতকানিয়ায় পাহাড়-ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা গ্রামে পাহাড় ও ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরিবেশ ও কৃষিজমি রক্ষার দাবিতে শুক্রবার সকাল ১০টায় পশ্চিম ছনখোলা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার কিছু ব্যক্তি ও অবৈধ ইটভাটার মালিকরা পাহাড় এবং কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও কৃষিব্যবস্থার মারাত্মক ক্ষতি করছেন। এতে কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্যও হুমকির মুখে পড়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, তাদের চোখের সামনেই পাহাড় ও ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে। এর ফলে কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অনেক জমিতে ফসল উৎপাদন কমে গেছে। তারা দ্রুত এ কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

কর্মসূচিতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও সমাজসেবকদের মধ্যে বক্তব্য দেন মুস্তফিজ, অ্যাডভোকেট নজরুল, মুক্তার আহমেদ, আক্কাস উদ্দীন এবং খালেদ হোসাইন কোখন

বক্তারা অভিযোগ করেন, মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত হলেও তা স্থায়ী সমাধান আনতে পারছে না। তারা দাবি করেন, অবৈধভাবে পাহাড় ও কৃষিজমির মাটি কাটা বন্ধে আরও কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।

এলাকাবাসী বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় দ্রুত আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবৈধ ইটভাটা বন্ধ, পাহাড় ও কৃষিজমি রক্ষায় নিয়মিত নজরদারি এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধন থেকে বক্তারা পরিবেশ, জীবিকা ও কৃষি উৎপাদন রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন, পরিবেশ অধিদপ্তর এবং সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে তারা শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানান এবং দ্রুত কার্যকর পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন।