সরাইলে প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১


সরাইল ক্রাইম রিপোর্টার মোঃ ফয়জুল কবির প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ণ
সরাইলে প্রাইভেটকার-সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে উপজেলার বাড়িউড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মো. অলি মিয়া উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা এবং হাজী মোহাম্মদ ইদন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় মাধবপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা যাত্রী অলি মিয়া গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনাকবলিত সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারটি জব্দ করা হয়। ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করে মো. আবু তাহের দেওয়ান বলেন, “দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।” স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেন। তারা দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে আরও কার্যকর নজরদারি ও নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।