মিরপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু, আহত ৪


মিরপুর উপজেলা প্রতিনিধি আশিক। প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ
মিরপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু, আহত ৪

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বজ্রপাতে কালু মণ্ডল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কালু মণ্ডল উপজেলার ১নং চিথলিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামের বাসিন্দা এবং লুৎফর বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে বৃষ্টি শুরু হলে কালু মণ্ডলসহ কয়েকজন ব্যক্তি মাঠে অবস্থান করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা আহত হন। বজ্রপাতের আঘাতে কালু মণ্ডল গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় আহত আরও চারজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা না গেলেও চিকিৎসকরা তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করছেন।

বজ্রপাতে বৃদ্ধের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। দীর্ঘদিনের পরিচিত ও সদালাপী মানুষ হিসেবে এলাকায় কালু মণ্ডলের সুনাম ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

স্থানীয়রা বলেন, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় মাঠে কাজ করা কৃষক ও শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। তারা বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, দেশে বর্ষা মৌসুমে প্রায়ই বজ্রপাতের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বজ্রপাতের সময় খোলা মাঠ, গাছের নিচে বা উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়ে থাকেন।