মাদারীপুরের কালকিনিতে বাসচাপায় শিশুর মৃত্যু, চালক পলাতক


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
মাদারীপুরের কালকিনিতে বাসচাপায় শিশুর মৃত্যু, চালক পলাতক

মাদারীপুরের কালকিনি পৌরসভার ভূরঘাটা মজিদ বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় আলিছা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিছা ডাসার উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা। তার বাবা মোহাম্মদ আবুল হোসেন একজন প্রবাসী কর্মজীবী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি তার দাদা সাবেক ইউপি সদস্য মো. মতলেব ঘরামী-এর সঙ্গে একটি মিষ্টির দোকান থেকে বের হয়ে সড়কে আসে। এ সময় দ্রুতগতির একটি বিএমএফ পরিবহনের বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন। শিশুটির মৃত্যুর খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে যান সাইফুল-উল আরেফিন, জহিরুল আলম এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয়রা অভিযোগ করেন, ওই এলাকায় দীর্ঘদিন ধরে দ্রুতগতির যানবাহন চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। তারা বাসস্ট্যান্ড ও জনবহুল এলাকায় গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা, স্পিড ব্রেকার এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানান।

পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক চালককে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। শিশু আলিছার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও বিরাজ করছে গভীর শোক ও বেদনার আবহ।