সাপ্তাহিক গণশুনানিতে দ্রুত সমাধান, স্বস্তি ফিরছে মাদারীপুরবাসীর মাঝে


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
সাপ্তাহিক গণশুনানিতে দ্রুত সমাধান, স্বস্তি ফিরছে মাদারীপুরবাসীর মাঝে

মাদারীপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি কার্যক্রম সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ সহজেই তাদের অভিযোগ, দাবি-দাওয়া ও ব্যক্তিগত সমস্যার কথা সরাসরি প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

জানা গেছে, মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনসাধারণের সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে সাপ্তাহিক গণশুনানি কার্যক্রম চালু করেন। প্রতি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ গণশুনানিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে তাদের অভাব-অভিযোগ, বিভিন্ন সামাজিক সমস্যা এবং নাগরিক সেবাসংক্রান্ত বিষয় তুলে ধরেন।

গণশুনানিতে জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তার মনোযোগ সহকারে অভিযোগকারীদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান হওয়ায় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

গণশুনানিতে অংশ নেওয়া কয়েকজন সেবাপ্রার্থী জানান, বর্তমান জেলা প্রশাসক অত্যন্ত মানবিক ও দায়িত্বশীল মনোভাব নিয়ে মানুষের কথা শোনেন। তাদের অভিযোগ ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। এতে সাধারণ মানুষ প্রশাসনের প্রতি আস্থা ফিরে পাচ্ছেন।

তারা আরও বলেন, এমন জনবান্ধব উদ্যোগের ফলে বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষ সহজে ন্যায়সঙ্গত সেবা ও প্রতিকার পাচ্ছেন। প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকলে জনগণ আরও বেশি উপকৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন।