দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টা ৫১ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

দেশে ফেরার পর বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ অর্জনের জন্য তার সফলতা কামনা করে দোয়া চাওয়া হয়েছে। আগামী এক বছর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে ফেরার দিনই ড. খলিলুর রহমান ঢাকায় গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করতে পারেন। এ সময় তিনি জাতিসংঘে তার দায়িত্বকালীন অগ্রাধিকার, কর্মপরিকল্পনা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ভূমিকা নিয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনের ভোটাভুটিতে ড. খলিলুর রহমান ১৯০টি ভোটের মধ্যে ৯৯টি দেশের সমর্থন লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১টি ভোট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে জয়লাভের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ড. খলিলুর রহমান জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন এবং বৈশ্বিক এই ফোরামের কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে একজন বাংলাদেশির নির্বাচিত হওয়া দেশের জন্য একটি গৌরবময় অর্জন। এর মাধ্যমে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও মানবিক সংকটসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

আগামী এক বছরে বিশ্বের প্রায় সব দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। তার নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও মর্যাদাপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।