এবার ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
এবার ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ

রাজধানীর পল্লবী এলাকায় একটি আবাসিক ফ্ল্যাট থেকে সেলিনা আফরোজ (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) রাতে পল্লবী থানার সেকশন–৬ এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সেলিনা আফরোজ দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর একটি হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ বলেন, মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করছেন। পারিবারিক বিরোধের জেরে প্রায় ১২ বছর আগে তিনি দেশে ফিরে আসেন এবং এরপর থেকে পল্লবীর ওই ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, গত ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তার মৃত্যু হয়েছে। কারণ সর্বশেষ ২৬ মে রাতে তার এক ভাতিজা মোবাইল ফোনে তার সঙ্গে কথা বলেছিলেন। এরপর থেকে পরিবারের সদস্য বা পরিচিতজনদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। দীর্ঘ সময় যোগাযোগ না থাকায় এবং ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিশেষ করে সম্প্রতি একই এলাকায় আরেকটি মরদেহ উদ্ধারের ঘটনার পর নতুন এই মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তবে পুলিশ বলছে, মৃত্যুর কারণ সম্পর্কে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখছেন এবং প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।