৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য সুখবর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য সুখবর

লাইফলাইন ও প্রথম ধাপের আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুতের পুরোনো দাম বহাল রাখতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) অনুরোধে সাড়া দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। দাম বাড়ানোর মাত্র একদিনের মাথায় আবাসিক গ্রাহকদের একটি বড় অংশের জন্য ঘোষিত বর্ধিত মূল্য প্রত্যাহার করেছে কমিশন।

বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (৩ জুন) পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করে বিইআরসি। ঘোষণায় আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়। একই সঙ্গে প্রথম ধাপের ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লাইফলাইন গ্রাহক অর্থাৎ শূন্য থেকে ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রস্তাবিত ৬৯ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। ফলে তারা আগের মতোই প্রতি ইউনিট ৪ টাকা ৬৩ পয়সা হারে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন।

অন্যদিকে প্রথম ধাপের গ্রাহক, যারা শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে প্রস্তাবিত ৯২ পয়সা বৃদ্ধিও প্রত্যাহার করা হয়েছে। ফলে তারা আগের নির্ধারিত হার প্রতি ইউনিট ৫ টাকা ২৬ পয়সা অনুযায়ী বিল পরিশোধ করবেন।

বিদ্যুৎ খাত সংশ্লিষ্টদের মতে, দেশের মোট বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৬৫ শতাংশই লাইফলাইন ও প্রথম ধাপের আওতাভুক্ত। ফলে নতুন সিদ্ধান্তে দেশের কোটি কোটি সাধারণ গ্রাহক সরাসরি উপকৃত হবেন। এর ফলে লাইফলাইন গ্রাহকদের মাসে অতিরিক্ত প্রায় ৩৪ টাকা ৫০ পয়সা এবং প্রথম ধাপের গ্রাহকদের প্রায় ৬৯ টাকা পর্যন্ত বাড়তি বিলের চাপ থেকে রেহাই মিলবে বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের এই পদক্ষেপ সাধারণ গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে, তবে বিদ্যুৎ খাতের মূল্য নির্ধারণে স্থিতিশীল নীতির প্রয়োজনীয়তাও আবার সামনে এনেছে।