
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় একজন শিশু নিশ্চিত হামে এবং তিনজন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ১৩৬ শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৯ জন নতুন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ২৬০ জন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৭ হাজার ১৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫১৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হামে প্রাণ হারিয়েছে ৯১ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা, আক্রান্তদের দ্রুত শনাক্তকরণ এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। বিশেষ করে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
আপনার মতামত লিখুন :