
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম তার ওপর হামলা, হত্যাচেষ্টা এবং ধারাবাহিক প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি পক্ষ তার ও পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধে জড়িয়ে নানা ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ৩১ মে ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে মনিরের মার্কেট এলাকায় একটি সালিশ বৈঠক শেষে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে তিনি অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম দাবি করেন, সালিশ শেষে তার ভাগিনা মো. সাদ্দাম হোসেনকে নিয়ে করা একটি আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে মারধর করে। এ সময় তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করা হয়। একপর্যায়ে গলায় চাপ দিয়ে শ্বাসরোধের মাধ্যমে হত্যার চেষ্টাও করা হয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি জানান, তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। ঘটনার পর প্রতিপক্ষ তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিতে থাকে। তাদের জানমালের ক্ষতি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং মিথ্যা মামলায় জড়ানোর হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম বলেন, “আমি ও আমার পরিবারের সদস্যরা বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। যেকোনো সময় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। ঘটনার সাক্ষী-প্রমাণ রয়েছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পাশাপাশি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছি।”
তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।
আপনার মতামত লিখুন :