মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণে অচলাবস্থা নিরসনে মতবিনিময় সভা


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ণ
মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণে অচলাবস্থা নিরসনে মতবিনিময় সভা

মাদারীপুর পৌরসভার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে গতিশীল করতে প্রস্তাবিত ডাম্পিং স্টেশন নির্মাণের প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় আয়োজিত এ সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর প্রশাসন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে মাদারীপুর পৌরসভার জন্য একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। এ লক্ষ্যে কয়েক বছর আগে সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় প্রায় সাড়ে পাঁচ একর জমি সরকারি বরাদ্দের মাধ্যমে পৌরসভার নামে হস্তান্তর করা হয়। তবে দীর্ঘদিন ধরে জমির একটি অংশ দখলমুক্ত না হওয়ায় প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম স্থবির হয়ে রয়েছে বলে অভিযোগ রয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত ডাম্পিং স্টেশন না থাকায় পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। ফলে পরিকল্পিতভাবে বর্জ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ সম্ভব হচ্ছে না, যা পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, মাদারীপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছাঃ জেসমিন আকতার বানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় পৌরসভার পক্ষ থেকে প্রকল্পটির প্রয়োজনীয়তা, পরিবেশগত গুরুত্ব এবং সম্ভাব্য সুফল তুলে ধরা হয়। অন্যদিকে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্বেগ, মতামত ও প্রত্যাশার বিষয়গুলো উপস্থাপন করেন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং দীর্ঘদিনের জটিলতা নিরসনে বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

বক্তারা বলেন, আধুনিক ডাম্পিং স্টেশন চালু হলে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। পরিবেশবান্ধব পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সহজ হবে।

সভায় উপস্থিত সবাইকে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানানো হয়। পাশাপাশি আলোচনার মাধ্যমে চলমান সমস্যার সমাধান করে দ্রুত প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।