ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশের সঞ্জয়

বৃহস্পতিবার (৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামের শিল্পীদের তালিকা প্রকাশ করে ফিফা। পরে সেই পোস্টটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন সঞ্জয় দেব।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, ছোটবেলা থেকেই এমন গান তৈরির স্বপ্ন দেখতেন, যা একদিন বিশ্বের অন্যতম বৃহৎ মঞ্চে স্থান পাবে। যুক্তরাষ্ট্রের সান হোসে শহরে দুই ভিন্ন সংস্কৃতির পরিবেশে বেড়ে ওঠা সঞ্জয় বলেন, ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে নিজের গান স্থান পাওয়াকে তিনি জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন।

তিনি আরও বলেন, এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়; বরং সেই সব শিশু-কিশোর ও তরুণদের জন্য অনুপ্রেরণা, যারা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বড় স্বপ্ন দেখার সাহস রাখে। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বিশেষ এই অ্যালবামে সঞ্জয় দেবের গান ‘সির সির’ অন্তর্ভুক্ত করা হয়েছে। গানটিতে তার সঙ্গে কণ্ঠ ও পরিবেশনায় অংশ নিয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবং ফরাসি সংগীতশিল্পী ভেজেড্রিম।

সঞ্জয় দেবের জন্ম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। শৈশবের একটি বড় সময় তিনি কাটিয়েছেন চট্টগ্রাম শহরের লাভ লেন এলাকায়। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানেই সংগীতজগতে নিজের অবস্থান তৈরি করেন। তার মা ও নানি সংগীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন, যা তার শিল্পীজীবনের ভিত্তি গড়ে দিতে সহায়তা করেছে।

সংগীত সংশ্লিষ্টদের মতে, ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশি বংশোদ্ভূত একজন শিল্পীর অন্তর্ভুক্তি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাংস্কৃতিক উপস্থিতিরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। এই অর্জন দেশের তরুণ শিল্পীদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে।