
দিনাজপুরের নবাবগঞ্জে প্রাইভেট পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত এবং তার ছোট বোন গুরুতর আহত হয়েছে। নিহতের নাম মো. আলামিন (১১)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের ভাদুরিয়া বাজার এলাকার চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার ছোট বোন সুমনাও একই বিদ্যালয়ের ছাত্রী। তারা ভাদুরিয়া বাজারের উবারেরপাড় গ্রামের বাসিন্দা মো. শামীমের সন্তান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুই ভাইবোন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে দিনাজপুরগামী একটি সিমেন্টবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুমনাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :