
রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. সাগর মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার বিকেলে উপজেলার ১৪ নম্বর চতরা ইউনিয়নের চতরা বন্দর গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) এ.বি.এম. বদরুদ্দোজা বাদল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, অভিযানে সাগর মিয়ার বাড়ির শয়নকক্ষ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা প্রস্তুতকরণে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল, ফুড কালার, ফ্লেভার, নকল ইয়াবার গুঁড়া এবং বিশেষভাবে তৈরি দুটি লোহার ডায়াস উদ্ধার করা হয়।
এ সময় রাজু মিয়া (২৫) ও সুমাইয়া আক্তার (২৪) নামে আরও দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের দাবি, পীরগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযান এবং কঠোর অবস্থানের কারণে এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :