
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ শন টেইটের ভবিষ্যৎ নিয়ে কয়েকদিন ধরেই নানা গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টেইটের অনুপস্থিতিতে সাবেক জাতীয় ক্রিকেটার তালহা জুবায়েরকে ভারপ্রাপ্ত বোলিং কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে।
জানা গেছে, আসন্ন অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বোলিং বিভাগের দায়িত্ব পালন করবেন তালহা। মূলত শন টেইটের পরিবর্তে স্থায়ীভাবে নতুন কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি।
সূত্র জানায়, অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইট ভারতের ঘরোয়া ক্রিকেটে বেঙ্গল দলের কোচিং প্যানেলে যোগ দিতে আগ্রহী। এ লক্ষ্যে তিনি ইতোমধ্যে সেখানে সাক্ষাৎকারও দিয়েছেন। একই সঙ্গে নিজের অবস্থান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অবহিত করেছেন বলে জানা গেছে।
পারিবারিক কারণ দেখিয়ে টেইট বাংলাদেশের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে। যদিও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে তার চুক্তি রয়েছে। তিনি ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
এদিকে জাতীয় দলের সঙ্গে দীর্ঘদিন কাজ করা তালহা জুবায়েরের জন্য এটি বড় একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। খেলোয়াড়ি জীবনে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা এই সাবেক পেসার বর্তমানে দেশের ক্রিকেটে কোচিং কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।
উল্লেখ্য, আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরে দুই দল তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে।
তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের ম্যাচগুলো ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুই দল চট্টগ্রামে যাবে। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়া সিরিজের আগে কোচিং স্টাফে এই পরিবর্তন জাতীয় দলের প্রস্তুতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
আপনার মতামত লিখুন :