চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের মধ্যেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস সরবরাহের উদ্যোগ বাস্তবায়নের কথাও জানান তিনি।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার শিশুদের শিক্ষা ও সার্বিক বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে এবং ঝরে পড়ার হার কমাতে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে সারা দেশের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করা হবে, যা শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার বৃদ্ধি পেয়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। শিক্ষাকে আরও আনন্দময় ও আকর্ষণীয় করতে খেলাধুলাকে পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা চাই শিশুরা হাসতে হাসতে শিখুক। শিক্ষা যেন তাদের কাছে চাপ নয়, আনন্দের বিষয় হয়ে ওঠে। সে লক্ষ্যেই সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।”

অনুষ্ঠানে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের মধ্য থেকেই আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে দেশের প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশের সুনাম বয়ে আনবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকার এমন একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করে দক্ষতা অর্জনের সুযোগ পাবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আরও আত্মবিশ্বাসী ও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াচর্চা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার আহ্বান জানানো হয়।