
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের গোপীনাথপুর পূর্বপাড়া ও ব্রাহ্মণগ্রামের মধ্যে প্রায় ৮০-৯০ মিটার দীর্ঘ একটি খাল বছরের বেশিরভাগ সময় পানির নিচে থাকায় দুই গ্রামের মানুষ চরম দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন। খালটির কারণে সরাসরি যাতায়াত ব্যাহত হচ্ছে এবং এলাকাবাসী স্থায়ী সমাধান হিসেবে খালটির নির্দিষ্ট অংশে মাটি ভরাট করে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দাবি জানিয়েছেন।
ব্রাহ্মণগ্রামের বাসিন্দা মোঃ হাসেম আলী জানান, খালটি বছরের প্রায় ৯ মাস পানির নিচে থাকে এবং মাত্র ৩ মাস শুকনো থাকে। ফলে গোপীনাথপুর ও ব্রাহ্মণগ্রামসহ আশপাশের এলাকার মানুষ যাতায়াত, কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষাগত কর্মকাণ্ডে নানা সমস্যার সম্মুখীন হন।
স্থানীয়রা জানাচ্ছেন, অসুস্থ রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণির মানুষ প্রতিদিন এই পথ ব্যবহার করেন। কিন্তু খালের কারণে দীর্ঘ পথ ঘুরে যেতে হয়, যা সময় ও অর্থের অপচয়ের সঙ্গে দৈনন্দিন জীবনযাত্রায় অসুবিধা সৃষ্টি করছে। বর্ষা মৌসুমে খালটিতে পানির পরিমাণ বেড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে জরুরি রোগী পরিবহন ও শিক্ষার্থীদের স্কুল-কলেজ যাতায়াত কঠিন হয়ে পড়ে, এবং বিপদের আশঙ্কা তৈরি হয়।
এলাকাবাসীর মতে, খালটির প্রায় ৮০-৯০ মিটার অংশে মাটি ভরাট করলে দুই গ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন সম্ভব হবে। এতে হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং এলাকার কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
স্থানীয়রা শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হস্তক্ষেপের দাবি করেছেন। সচেতন মহল মনে করছেন, খালটির বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :