
ক্ষমতা গ্রহণের পর নিজেদের প্রথম বাজেট প্রণয়ন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট তৈরি করা হচ্ছে। সম্ভাব্য এই বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, আসন্ন বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে, যার পরিমাণ প্রায় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জিডিপির সাড়ে ৩ শতাংশ বরাদ্দের প্রস্তাব দেওয়া হলেও সরকার প্রাথমিকভাবে ২ শতাংশ বরাদ্দ রাখার বিষয়ে সম্মতি দিয়েছে বলে তিনি জানান।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাখাতের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নিয়েছেন। বিশেষ করে শিক্ষকদের কল্যাণ ট্রাস্ট ও অবসর ভাতা নিয়ে আলোচনা হয়েছে, যা ২০২২ সালের পর থেকে বন্ধ রয়েছে।
তিনি দাবি করেন, এ খাতে কয়েক হাজার কোটি টাকার অনিয়ম বা আত্মসাতের ঘটনা ঘটেছে। তবে এ ভাতা পুনরায় চালু করতে ২ হাজার কোটি টাকার একটি ‘থোক বরাদ্দ’ ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে বলেও তিনি জানান।
মন্ত্রী বলেন, নতুন বাজেট শুধু আকারের দিক থেকেই বড় নয়, বরং শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সরকারের এই বাজেটকে দেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :