আমাজনে পাওয়া গেল ৩ হাজার বছরের পুরোনো ‘হারানো শহর’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
আমাজনে পাওয়া গেল ৩ হাজার বছরের পুরোনো ‘হারানো শহর’

দক্ষিণ আমেরিকার ইকুয়েডরের আমাজন অঞ্চলে আবিষ্কৃত তথাকথিত ‘হারানো শহর’ নিয়ে নতুন গবেষণায় উঠে এসেছে বিস্ময়কর তথ্য। গবেষকরা বলছেন, এটি কোনো একক শহর নয়; বরং প্রায় তিন হাজার বছর আগে গড়ে ওঠা বিস্তৃত ও জটিল মানববসতির একটি নেটওয়ার্ক, যা প্রচলিত নগর সভ্যতার ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইকুয়েডরের আপানো নদী উপত্যকায় পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বিশ্লেষণ করে গবেষকরা দেখতে পেয়েছেন, পুরো এলাকায় ছড়িয়ে রয়েছে হাজার হাজার মাটির ঢিবি, প্ল্যাটফর্ম, রাস্তা, চত্বর এবং বিভিন্ন ধরনের স্থাপনা। আধুনিক লিডার (LiDAR) বা উপগ্রহভিত্তিক লেজার প্রযুক্তির সাহায্যে পরিচালিত জরিপে প্রায় সাড়ে সাত হাজারের বেশি মানবনির্মিত কাঠামোর অস্তিত্ব শনাক্ত করা হয়েছে।

গবেষকদের মতে, এসব স্থাপনার মধ্যে ছোট আবাসিক প্ল্যাটফর্মের পাশাপাশি বৃহৎ ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত স্থাপনাও রয়েছে। এগুলো দীর্ঘ ও পরিকল্পিত সড়কপথের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত ছিল।

পন্টিফিসিয়া ক্যাথলিক বিশ্ববিদ্যালয়ের গবেষক আলদেন ইয়েপেসের নেতৃত্বে পরিচালিত গবেষণায় বলা হয়েছে, এই অঞ্চলটি ছিল একটি বিকেন্দ্রীভূত নগর ব্যবস্থা, যেখানে বহু ছোট বসতি একসঙ্গে একটি বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক নেটওয়ার্ক হিসেবে কাজ করত। গবেষক মাইকেল হেকেনবার্গারের ভাষায়, এটি ইউরোপীয় ধাঁচের শহর নয়; বরং বিস্তৃত ভূখণ্ডজুড়ে ছড়িয়ে থাকা কিন্তু সুসংগঠিত জনবসতির অনন্য উদাহরণ।

গবেষণায় আরও জানা গেছে, প্রাচীন অধিবাসীরা মাটি কেটে ও বহন করে উঁচু প্ল্যাটফর্ম, খাল এবং রাস্তা নির্মাণ করেছিলেন। অনেক রাস্তার নকশা এতটাই সুশৃঙ্খল যে গবেষকরা একে প্রায় নিখুঁত চেকারবোর্ড বিন্যাসের সঙ্গে তুলনা করছেন। এ অঞ্চলে ভুট্টা, শিম, কাসাভা ও আলুর মতো ফসল চাষের প্রমাণও মিলেছে।

তবে এই সভ্যতার জনসংখ্যা, সামাজিক কাঠামো কিংবা তাদের অন্তর্ধানের কারণ সম্পর্কে এখনো অনেক প্রশ্নের উত্তর অজানা রয়ে গেছে। এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট কবরস্থান বা মানব কঙ্কালের সন্ধানও পাওয়া যায়নি।

গবেষকদের মতে, এই আবিষ্কার প্রমাণ করে যে আমাজন অঞ্চল একসময় শুধু ঘন জঙ্গল নয়, বরং উন্নত ও সুসংগঠিত মানবসভ্যতার কেন্দ্র ছিল। ফলে আমাজনের ইতিহাস ও প্রাচীন নগরায়ণ সম্পর্কে নতুন গবেষণার দ্বার উন্মোচিত হয়েছে।